Image description

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে যেখানে সাধারণ মানুষের নিত্যদিনের খরচ মেটাতেই হিমশিম খেতে হয়, সেখানে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি বাজারের প্রবীণ ব্যবসায়ী সুকময় দাস।

গত ৩০ বছরেরও বেশি সময় ধরে মোড়াকরি বাজারে গরম সিঙ্গারা, পেঁয়াজু ও পুরি বিক্রি করছেন তিনি। আর অবাক করা বিষয় হলো—প্রতিটি নাস্তার দাম মাত্র ২ টাকা। যেখানে বর্তমান বাজারে দুই টাকায় একটি লজেন্স পাওয়াও কঠিন, সেখানে সুকময় দাসের দোকানে এখনো দুই টাকায় পাওয়া যাচ্ছে গরম ও সুস্বাদু নাস্তা।

ব্যবসায় লাভের বড় অঙ্কের পেছনে না ছুটে দীর্ঘদিন ধরে একই দামে নাস্তা বিক্রি করে আসছেন এই প্রবীণ ব্যবসায়ী। তাঁর দোকানের ক্রেতাদের বড় একটি অংশ শ্রমজীবী, দিনমজুর ও স্কুলপড়ুয়া শিক্ষার্থী। তাদের সাধ্যের মধ্যে নাস্তা খাওয়ার সুযোগ করে দিতেই তিনি কম দাম ধরে রেখেছেন বলে জানা গেছে।

সুকময় দাসের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। মুনাফাকেন্দ্রিক এই সময়ে তাঁর সাদাসিধে জীবনযাপন ও কম দামে খাবার বিক্রির বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

শুধু মোড়াকরি বাজার নয়, আশপাশের এলাকার মানুষের কাছেও সুকময় দাসের তৈরি নাস্তা বেশ জনপ্রিয়। দীর্ঘদিন ধরে একই দামে খাবার বিক্রি করে তিনি স্থানীয়দের কাছে হয়ে উঠেছেন পরিচিত ও প্রিয় এক মুখ।

এসএ