Image description

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে মজুত করা ২১১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অবৈধভাবে সার মজুদের অভিযোগে খুচরা সার ব্যবসায়ী শ্রী মিথুন চন্দ্র বর্মন নান্টুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার রাতে উপজেলার কামারপাড়া বাজার থেকে জব্দ করা সারগুলো প্রশাসনের কার্যালয়ে নিয়ে আসা হয়।

জব্দ করা সারের মধ্যে রয়েছে—ইউরিয়া ৯৪ বস্তা, ডিএপি ১৯ বস্তা, টিএসপি ১৭ বস্তা, জিপসাম ৬৮ বস্তা এবং পটাশ ১৩ বস্তা। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাত।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে কামারপাড়া বাজারের মিথুন চন্দ্র বর্মন নান্টুর দোকান থেকে ১৪ বস্তা সার ভ্যানযোগে সুন্দরগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে খবর দেন। পরে নান্টুর গুদামে আরও সার মজুত রয়েছে—এমন অভিযোগে স্থানীয়রা সেখানে জড়ো হয়ে প্রতিবাদ করেন। খবর পেয়ে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে মোট ২১১ বস্তা সার জব্দ করেন।

কৃষকদের অভিযোগ, আমন মৌসুমে সারের চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে কেউ কেউ সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। অবৈধ মজুতদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা অপূর্ব ভট্টাচার্য মুঠোফোনে জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের ২১১ বস্তা সার জব্দ করা হয়েছে এবং ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সারগুলো বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। এগুলো সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।

এসএ