Image description

চট্টগ্রামের লোহাগাড়ায় পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুকে পেয়ারা দেওয়ার প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে বদিউল আলম প্রকাশ বৈদ্য (৬০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
রবিবার (৩০ আগস্ট) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিশুর পিতা মহিম উদ্দিন বলেন, আমার মেয়ে দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করার সময় অভিযুক্ত বদিউল আলম পেয়ারার প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে  ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে। পরে বিষয়টি তার মাকে জানালে ভুক্তভোগী শিশুকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ করে বলেন, প্রায় ১৫ দিন পূর্বেও অভিযুক্ত  বদিউল আলমের বিরুদ্ধে আরেক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল। তখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তা সমাধান করা হয়েছিল।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অভিযুক্ত বদিউল আলমকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএ