গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইন্দোনেশীয় নাগরিক ও বাংলাদেশি গৃহবধূ মাফতুখা (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। রোববার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে নলডাঙ্গা বাজারে নিজস্ব সিঙ্গাপুর মার্কেটের তিনতলা ভবনের একটি কক্ষে তিনি মারা যান। সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত মাফতুখা উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের দশলিয়া গ্রামের মালয়েশিয়াপ্রবাসী মিজানুর রহমান মিজানের স্ত্রী। তাদের ৭ ও ১০ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মাফতুখা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তাকে চিকিৎসার জন্য রংপুরেও নেওয়া হয়েছিল। তিনি ইন্দোনেশীয় নাগরিক হওয়ায় মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে সাদুল্লাপুর থানায় জানানো হয়।
সোমবার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্ব) ও উপপরিদর্শক (এসআই) আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫-১৬ বছর আগে মাফতুখা ও তার স্বামী মিজানুর রহমান সিঙ্গাপুরে একসঙ্গে চাকরি করতেন। কর্মক্ষেত্রে তাদের পরিচয় থেকে সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা রেজিস্ট্রি বিয়ের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘদিন ধরে সংসার করে আসছিলেন।
আকস্মিক এ মৃত্যুর ঘটনায় স্বামী বা স্ত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি নেই বলে জানা গেছে।
এসএ




Comments