Image description

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ‘বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬’ উদযাপন করবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। দিনব্যাপী কর্মসূচিতে থাকছে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, রক্তদান, শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত, গবেষণা পোস্টার ও স্টার্টআপ মডিউল প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণ। এ ছাড়া দেশ, জাতি ও রুয়েটের অগ্রযাত্রার কল্যাণে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির তথ্য জানানো হয়েছে।

সকালেই শুরু হবে কর্মসূচি

বিজ্ঞপ্তি হয় মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এর ১০ মিনিট পর, সকাল ৯টা ৪০ মিনিটে অনুষ্ঠিত হবে রক্তদান কর্মসূচি।

সকাল ৯টা ৫০ মিনিটে রুয়েট প্রাঙ্গণে অবস্থিত শহীদ শিক্ষার্থীদের কবর জিয়ারত ও তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হবে।

এরপর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটারিয়ায় শুরু হবে গবেষণা পোস্টার ও স্টার্টআপ মডিউল প্রদর্শনী। এতে রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের বিভিন্ন গবেষণা উদ্যোগ এবং উদ্ভাবনী কর্মকাণ্ড তুলে ধরা হবে।

র‌্যালি ও বৃক্ষরোপণ

সকাল সাড়ে ১০টায় রুয়েট ক্যাম্পাসে বের করা হবে বর্ণাঢ্য র‌্যালি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

র‌্যালি শেষে সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশ সুরক্ষা ও ক্যাম্পাসকে আরও সবুজ করে তুলতে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রদর্শনী

সকাল সাড়ে ১১টায় রুয়েটের কনফারেন্স রুমের নিচে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। বিশ্ববিদ্যালয় দিবসের তাৎপর্য, রুয়েটের শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত অগ্রযাত্রাসহ বিভিন্ন বিষয়ে এতে আলোচনা হবে।

একই আয়োজনে থাকবে চিত্রাঙ্কন প্রদর্শনী ও পুরস্কার বিতরণ। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও প্রতিভা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

দুপুরে যোহরের নামাজের পর রুয়েটের অগ্রযাত্রা, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে।

বিশ্ববিদ্যালয় দিবসের সব কর্মসূচিতে রুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসএ