Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদকবিরোধী কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান। তিনি বলেন, “প্রয়োজনে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। তাদের কোনোভাবেই ক্ষমার চোখে দেখা যাবে না।”

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

এমপি জাহিদুর রহমান বলেন, “মাদক যেভাবে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। আমার এলাকায় কোনোভাবেই মাদক ব্যবসা হতে দেওয়া হবে না। তবে শুধু পুলিশকে দোষারোপ করে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; এর জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।”

তিনি প্রতিটি এলাকায় মাদকবিরোধী কমিটি গঠন করে সম্মিলিতভাবে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে তিনি বলেন, “১৯৭১ সালে যেমন ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল, তেমনি ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক ব্যবসায়ীদেরও প্রতিহত করতে হবে। দেশের যুবসমাজ যদি মাদকে আসক্ত হয়ে পড়ে, তবে ভবিষ্যৎ অন্ধকার।”

সভায় মাদক ও জুয়া ছাড়াও বাল্যবিবাহ, সড়কে যানজট, সার সংকট, চাঁদাবাজি এবং চুরি-ছিনতাইসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. এম. ইসফাকুল কবীর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান।

এছাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সভায় অংশ নেন।

ডিআর