Image description

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা আগামী ৭ সেপ্টেম্বর থেকে তাদের জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। এ জন্য মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকেই সংশ্লিষ্ট শাখা বা উপশাখায় আবেদন করতে হবে। ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রাহকদের কাছ থেকে পাওয়া আবেদনগুলো শাখা থেকে প্রধান কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধান কার্যালয় আবেদন অনুযায়ী টাকা শাখায় পাঠাবে। পরে গ্রাহকরা শাখা থেকে তাদের টাকা তুলতে পারবেন।

সোমবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সব শাখায় নির্দেশনা পাঠানো হয়েছে। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শাখাগুলোকে বলা হয়েছে।

এর আগে ১ সেপ্টেম্বর থেকেই ব্যক্তিগত আমানতকারীদের মূল টাকা ফেরত দেওয়ার কথা ছিল। তবে টাকা দেওয়ার আগে কিছু আনুষ্ঠানিকতা শেষ করতে এক সপ্তাহ সময় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের এক কর্মকর্তা।

গ্রাহকদের আবেদনে তাদের হিসাবে কত টাকা রয়েছে, কত টাকা তুলতে চান এবং টাকা তোলার প্রয়োজনের বিষয়টি উল্লেখ করতে হবে।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আপাতত ব্যক্তিগত আমানতকারীরা শুধু জমা টাকার মূল অংশ তুলতে পারবেন। মুনাফার টাকা পরে দেওয়া হবে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীরা এখনই নির্ধারিত স্কিমের বাইরে গিয়ে টাকা তুলতে পারবেন না।

পাঁচ ব্যাংক একীভূত করে গঠন

আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও ঋণ কেলেঙ্কারিতে দুর্বল হয়ে পড়া পাঁচটি ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে। ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।

সংকটের কারণে এসব ব্যাংক থেকে টাকা তুলতে পারেননি অনেক গ্রাহক। এতে ব্যাংকগুলোর ওপর গ্রাহকদের আস্থা কমে যায়।

গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিন হিসেবে পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন শাখা ও উপশাখাগুলো সাজানো, গ্রাহকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং বয়স্ক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, আমানতের মূল টাকা ফেরত দেওয়ার মাধ্যমে গ্রাহকদের আস্থা আবারও ফিরবে।