সরকারি রাস্তা দখল করে চাষাবাদ, অপসারণে ৭ দিনের আলটিমেটাম
পটুয়াখালীর দুমকি উপজেলায় সরকারি রেকর্ডীয় রাস্তা দখল করে বাঁশের বেড়া দিয়ে চাষাবাদ করার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় সরেজমিন পরিদর্শন শেষে রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণের জন্য সংশ্লিষ্টদের ৭ দিনের সময় বেঁধে দিয়েছেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা।
সোমবার (৩১ আগস্ট) সকালে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কাঁঠালতলা থেকে তহশিল অফিসের মাঝ বরাবর সরকারি রাস্তাটি পরিদর্শন করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এ.কে.এম ফজলুল হক।
স্থানীয় সূত্রে জানা যায়, লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহজাহান প্যাদা, তার স্ত্রী ডেইজি বেগম এবং ছেলে সেনাবাহিনীতে কর্মরত রামিম প্যাদা সরকারি রাস্তার ওপর বাঁশের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে চাষাবাদ শুরু করেন। এতে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়।
এ ঘটনায় সরকারি লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গাজী সোহরাব হোসেন উপজেলা ভূমি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার সকালে ভূমি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিবাদী শাহজাহান প্যাদাকে আগামী ৭ দিনের মধ্যে সরকারি রাস্তা থেকে অবৈধ বেড়া অপসারণের নির্দেশ দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে শাহজাহান প্যাদা বলেন, “আমাদের জমি সরকার নিয়েছে কিন্তু কোনো ক্ষতিপূরণ দেয়নি। তাই আমি রাস্তায় বেড়া দিয়েছি। আমি বিকল্প পথ করে দেব, কিন্তু এই জায়গা দিয়ে রাস্তা দিতে দেব না।”
উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি রাস্তা থেকে বাঁশের বেড়া অপসারণ না করা হলে আইন অনুযায়ী উচ্ছেদসহ পরবর্তী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, সরকারি রাস্তা দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দ্রুত এই অবৈধ বেড়া অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ডিআর




Comments