Image description

গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়।

কালীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক মিলন বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরেন। বক্তারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দলকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ গড়ার কাজে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধান।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি ছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচির শেষ পর্যায়ে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।

ডিআর