প্রায় সাড়ে পাঁচ দশক ধরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা লাল-সবুজের লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন লোগোর জন্য দর্শকদের কাছ থেকে নকশা ও ধারণা চেয়েছে বিটিভি। তবে লোগো পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রোববার রাতে বিটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বিজ্ঞাপনে বলা হয়, ‘ফিরছে নতুন রূপে বিটিভি।’ এতে নতুন লোগোর জন্য দর্শকদের নিজেদের ধারণা বা নকশা পাঠাতে বলা হয়েছে। লোগোর নকশা জমা দেওয়ার শেষ সময় আগামী ১০ সেপ্টেম্বর।
বিটিভি প্রশাসন বলছে, মূলত তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি দর্শকদের সঙ্গে বিটিভির যোগাযোগ বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দর্শকেরা বিটিভিকে কীভাবে দেখতে চান, সে বিষয়েও ধারণা নিতে চায় কর্তৃপক্ষ।
বিটিভির মহাপরিচালক কাজী জেসিন বলেন, নতুন লোগো চূড়ান্ত করার জন্য এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। দর্শকদের নতুন ধারণা ও মতামত জানতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, বিটিভির গ্রহণযোগ্যতা বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। নতুন অনুষ্ঠান ও কনটেন্ট তৈরির পাশাপাশি পুরোনো আর্কাইভ, বিলিং পদ্ধতি, নীতিমালা এবং পর্দায় অনুষ্ঠান উপস্থাপনার ধরনেও পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে।
লোগো পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বর্তমান লোগোর সঙ্গে দর্শকদের আবেগ জড়িত থাকার বিষয়টি কর্তৃপক্ষ গুরুত্ব দিয়ে দেখছে। ভবিষ্যতে লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হলে এর সঙ্গে যুক্ত খ্যাতিমান শিল্পীদের কাজ ও মতামতকে গুরুত্ব দেওয়া হবে।
তবে বিটিভির লোগো পরিবর্তনের উদ্যোগে সংস্কৃতি অঙ্গনসহ বিভিন্ন মহলে সমালোচনা তৈরি হয়েছে।
বিটিভির সঙ্গে প্রতিষ্ঠানটির শুরু থেকেই যুক্ত অভিনেতা কেরামত মওলা বলেন, বিটিভির বর্তমান লোগোটি খুবই সুন্দর এবং এর একটি বিশেষ অর্থ রয়েছে। তাঁর মতে, লোগোটির মধ্যে একটি টেলিভিশন পর্দার ভেতর লাল সূর্য ওঠার চিত্র রয়েছে, যা নতুন দিনের প্রতীক।
তিনি জানান, লোগোটির প্রাথমিক ভাবনায় শিল্পী কামরুল হাসান যুক্ত ছিলেন। পরে শিল্পী ইমদাদ হোসেন ও মুস্তাফা মনোয়ার এটিকে আরও বিকশিত করেন। লোগোর বাংলা লেখাটিও পরে মুস্তাফা মনোয়ার ঠিক করেন।
বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারুনও লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, বিটিভি কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়; এটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জনসম্পত্তি। তাই শুধু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এর মূল লোগো পরিবর্তনের উদ্যোগ নেওয়া ঠিক নয়।
তাঁর মতে, প্রতিষ্ঠানের পরিবর্তন আনতে হলে মূলত অনুষ্ঠান ও কনটেন্টের মান উন্নত করতে হবে। লোগো শুধু একটি প্রতিষ্ঠানের পরিচয় বা স্বাক্ষর।
এসএস




Comments