ইউনূস সরকারকে দিয়ে ইঞ্জিনিয়ারিং করে জামায়াত ৭৮ সিট পেয়েছে: এমপি নুরুল আমিন
ড. ইউনূস সরকারকে দিয়ে ‘ইঞ্জিনিয়ারিং’ করিয়ে জামায়াত ৭৮টি আসন পেয়েছে বলে দাবি করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা নুরুল আমিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীতে ইউনূস সরকার আর এমন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, আর সে কারণেই এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাইয়ে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র্যালিটি মিরসরাই কলেজ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয় এবং পরে উপজেলা শহীদ মিনারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগকে উদ্দেশ্য করে নুরুল আমিন বলেন, "বিএনপি যদি ক্ষমতায় না থাকে, আপনারা (আওয়ামী লীগ) কখনোই রাজনীতিতে ফিরে আসতে পারবেন না। আপনাদের অবস্থা হবে সাবেক রাষ্ট্রপতি এরশাদের মতো। দেশে যদি আরেকটি তথাকথিত বিপ্লব সংগঠিত করতে চান, তবে সেটি কোনোভাবেই সফল হবে না।"
নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থিত মেম্বার, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের জয়যুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে আগামী উপজেলা পরিষদ নির্বাচনের আগ পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের মাঠ না ছাড়ার জন্য তিনি বিশেষ অনুরোধ জানান।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরীর সভাপতিত্বে এবং বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সালা উদ্দিন চেয়ারম্যান, নুরুল আবছার চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ও বর্তমান সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী।
এছাড়াও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, মিরসরাই পৌর বিএনপির আহ্বায়ক জামশেদ আলম, সদস্য সচিব কামরুল ইসলাম লিটন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহীনূর ইসলাম স্বপনসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিআর




Comments