Image description

দেশের বাজারে টানা তৃতীয়বারের মতো কমানো হলো স্বর্ণের গহনার দাম। সবশেষ ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি স্বর্ণের গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এই সমন্বয় করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ৯৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা।

স্বর্ণের দরপতনের এই ধারা গত ২৯ আগস্ট থেকে শুরু হয়েছে। ওই দিন ভরিপ্রতি ৭ হাজার ১১৫ টাকা কমানোর পর ৩১ আগস্ট আরও ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছিল। সব মিলিয়ে গত তিন দফায় ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১৫ হাজার ৮৬৩ টাকা কমল। এর আগে ২০ থেকে ২৫ আগস্টের মধ্যে তিন দফায় দাম বাড়ানো হয়েছিল ১০ হাজার ৯৬৪ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার গহনার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৭৮২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৮২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৯১ টাকা।

স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাজুস জানিয়েছে, বিশ্ববাজার ও স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনা করে নিয়মিতভাবে এই দাম সমন্বয় করা হয়।

ডিআর