গাইবান্ধায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সাদুল্লাপুর সরকারি কলেজের হিসাবরক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সাদুল্লাপুর ও গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কে পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
সাদুল্লাপুরে ঢাকা-গামী ফাতেমা কোচের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম রব্বানী নামে সাদুল্লাপুর সরকারি কলেজের এক হিসাবরক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা এক প্রতিবন্ধী শিশুও আহত হয়েছে।
সকাল ৯টার দিকে উপজেলার পশ্চিমপাড়া মার্কাস মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা কোচটি ঢাকা যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে বাসটির ক্রসিংয়ের সময় রাস্তার পাশে জমে থাকা কাদা-পানিতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে যায়। পরে এটি ফাতেমা কোচের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এতে মোটরসাইকেল আরোহী গোলাম রব্বানীর মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা প্রতিবন্ধী শিশুটিও ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় কয়েকজন উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুরের চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং দুর্ঘটনায় জড়িত ফাতেমা কোচটি হেফাজতে নেয়।
অন্যদিকে, গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঝিপাড়া এলাকায় মাইক্রোবাস ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পৃথক দুটি দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।
এসএ




Comments