ময়মনসিংহের শম্ভুগঞ্জের আলালপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ময়মনসিংহ-ফুলপুর মহাসড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং দুই বাসের অন্তত ১০ যাত্রী আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। তারা হলেন—ফুলপুর উপজেলার সিংহেশ্বর গ্রামের মো. তোফাজ্জল হোসেন (৬০) এবং হালুয়াঘাটের ধারা কচুয়া এলাকার মো. আব্দুর রাজ্জাক। নিহত অপরজন অজ্ঞাতনামা পুরুষ। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সুজাউদ্দিন বলেন, আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। মরদেহগুলো হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে পরিস্থিতি স্বাভাবিক করে এবং যান চলাচল সচল করে।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএ




Comments