Image description

কাপ্তাইয়ের বিশিষ্ট সুরকার, গীতিকার, সঙ্গীত প্রশিক্ষক এবং অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক বাবু ফনীন্দ্র লাল ত্রিপুরা আর নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে আসামবস্তির নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৭ বছর এবং তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

​তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়লে কাপ্তাই উপজেলাসহ সমগ্র রাঙামাটি জেলার সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। বাবু ফনীন্দ্র লাল ত্রিপুরা ছিলেন, কাপ্তাইয়ের সঙ্গীত অঙ্গনের এক অগ্রদূত এবং কাপ্তাই শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক। কর্মজীবনে তিনি শিক্ষকতার মতো পবিত্র পেশার সাথে যুক্ত থেকে কাপ্তাই পিডিবি ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। একাধারে নিবেদিতপ্রাণ শিক্ষক ও সুরসাধক হিসেবে তিনি অত্র অঞ্চলের কোমলমতি শিশুদের যেমন শিক্ষার আলোয় গড়ে তুলেছেন, তেমনি সুর ও সঙ্গীতের মাধ্যমে মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন। কাপ্তাইয়ের স্থানীয় শিল্পীবৃন্দ, বিভিন্ন গুণীজন এবং শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের ব্যক্তিবর্গ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কাপ্তাইয়ের সংস্কৃতি চর্চা ও সঙ্গীত প্রসারে তার অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

এসএ