Image description

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশার গ্যাস সিলিন্ডারের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আনোয়ারা থানার কালা বিবি দিঘীর মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মার্কেটের সামনের সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—কক্সবাজারের উখিয়া থানার মহুরীপাড়া এলাকার ফাইজুল হকের ছেলে শফি আলম (৩৬) এবং কক্সবাজার সদর থানার নয়াপাড়া এলাকার বাসিন্দা আবদুর রহিম (৪৭)।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে মাদক কারবারিরা সিএনজি অটোরিকশায় করে ইয়াবার একটি বড় চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। তথ্যের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‍্যাবের আভিযানিক দল। তল্লাশিকালে একটি সবুজ রঙের অটোরিকশা থামানো হলে ভেতরে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাদের আটক করা হয়।

পরবর্তীতে অটোরিকশাটি তল্লাশি করে এর গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ২২টি বান্ডেল পাওয়া যায়। এসব বান্ডেল থেকে সর্বমোট ৪৩ হাজার ৭৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাবের হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত এসব ইয়াবার বাজারমূল্য প্রায় ১ কোটি ৩২ লাখ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

ডিআর