টঙ্গিবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমীর শোভাযাত্রা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি (জন্মাষ্টমী) উপলক্ষে এক বর্ণাঢ্য ও আনন্দঘন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলার শিব মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টঙ্গিবাড়ী বাজারের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ও ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। বাদ্যযন্ত্র, ঢাক-ঢোল আর ভক্তিমূলক কীর্তনের সুর লহরী পুরো এলাকা মুখরিত করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল দাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাধারণ সম্পাদক রণজিৎ দেবনাথ, টঙ্গিবাড়ী পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নীল কৃষ্ণ ঘোষ, সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষ, জেলা উপদেষ্টা পরিষদের সদস্য বিশ্বনাথ ঘোষ এবং জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নারায়ণ চৌধুরী টিটু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দুলাল দাস বলেন, "সমাজে শান্তি, প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা নিয়ে প্রতিবছরের মতো এবারও মহাসমারোহে শুভ জন্মাষ্টমী উদযাপিত হচ্ছে।"
শোভাযাত্রাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।
ডিআর




Comments