Image description

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা, প্রার্থনা, নামসংকীর্তন ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও আন্তঃউপজেলা নামযজ্ঞ পর্ষদ, ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কসালের তল কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খড়িবাড়ি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশ নেন। শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, ধর্মীয় সংগীত ও নানা স্লোগানে এ সময় পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও আন্তঃউপজেলা নামযজ্ঞ পর্ষদ, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ভরত চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক শংকর চন্দ্র সেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজক ও ভক্তরা বলেন, অন্যায়-অত্যাচার ও অধর্মের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার বার্তা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব। তাই জন্মাষ্টমীর এই দিনে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

জন্মাষ্টমী উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান ও নামসংকীর্তনে মুখর ছিল বিভিন্ন মন্দির প্রাঙ্গণ।

এসএ