Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা, নেটওয়ার্কিং ও বাস্তব সুযোগ তৈরির লক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এই সামিটের আয়োজন করে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম’।

‘এইচআর দ্য মিডিয়েটর’-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল— "কানেক্টিং অ্যাম্বিশন উইথ অপরচুনিটি" (Connecting Ambition with Opportunity)।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামিটে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেন। এতে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এইচআর পেশাজীবী, শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি, উদ্যোক্তা ও অ্যালামনাইরা যুক্ত হন। পাশাপাশি বিশ্বের ১০টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনলাইনে এই আয়োজনে অংশ নেন।

দিনব্যাপী এই সামিটে আন্তর্জাতিক উচ্চশিক্ষা, স্কলারশিপ, ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন ও পেশাগত নেটওয়ার্কিং নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল— কী-নোট সেশন, প্যানেল আলোচনা, মেন্টরিং, ক্যারিয়ার ফেয়ার, সিভি ক্লিনিক ও অ্যালামনাই নেটওয়ার্কিং।

অনুষ্ঠানে বিটিভির নিউজ রিপোর্টার মো. হাসানুর রহমান বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে শিল্পসংশ্লিষ্ট ও পেশাজীবীদের সরাসরি সংযোগ তৈরি করাই এ সামিটের মূল লক্ষ্য। সিভি ক্লিনিক থেকে স্পিড নেটওয়ার্কিং—প্রতিটি আয়োজন বাস্তব ক্যারিয়ার সুযোগের সঙ্গে শিক্ষার্থীদের যুক্ত করার লক্ষ্যেই সাজানো হয়েছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের সভাপতি মো. সাব্বির হোসেন বলেন, “আন্তর্জাতিক ক্যারিয়ার, বিদেশে উচ্চশিক্ষা ও ভালো স্কলারশিপের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের জানানো এবং সঠিক দিকনির্দেশনা দেওয়াই আমাদের আয়োজনের মূল লক্ষ্য। এইচআর দ্য মিডিয়েটরের সহযোগিতায় আয়োজিত এই সামিটে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি।”

ডিআর