Image description

ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আব্দুর রহমান (৫) নামের প্রথম শ্রেণির এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে উপজেলার সিডস্টোর-আওলাতলী আঞ্চলিক সড়কের ‘ইন্টারন্যাশনাল ইসলামিক স্কলার মাদ্রাসা’র সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান গাজীপুরের কাপাসিয়া উপজেলার উত্তরখাম গ্রামের প্রবাসী মোবারক হোসেন মোল্লার ছেলে।

মাদ্রাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে খাবার খাওয়ার জন্য মাদ্রাসা সংলগ্ন সড়ক পার হচ্ছিল আব্দুর রহমান। এ সময় একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ময়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সন্ধ্যায় হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্টারন্যাশলান ইসলামিক স্কলার মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রশিদ জানান, রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির অটোরিকশাটি শিশুটিকে চাপা দেয়। দীর্ঘ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ডিআর