Image description

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের সামনে এবং হাটহাজারীতে মহাসড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পৃথক এই মিছিল দুটি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদর দপ্তরের সামনে দামপাড়া এলাকায় প্রায় ২০-২৫ জন যুবক হঠাৎ মিছিল বের করেন। মিছিলের অগ্রভাগে থাকা ব্যানারে লেখা ছিল, ‘দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রস্তুতি- বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর।’ মিছিলে তারা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন। গুরুত্বপূর্ণ এই এলাকাটিতে সিএমপি কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কার্যালয় থাকা সত্ত্বেও মিছিলটি কয়েক মিনিট স্থায়ী হয়ে দ্রুত সড়ক থেকে সরে পড়ে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, ‘৫ সেকেন্ডের জন্য তারা মিছিল করেছে। এখনো কাউকে আটক করা যায়নি, তবে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।’

অন্যদিকে, একই দিন দুপুর ২টার দিকে হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি মহাসড়কে আরেকটি মিছিল বের করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, এই মিছিলে প্রায় শতাধিক তরুণ অংশ নেন। মিছিলে ব্যবহৃত ব্যানারে জুলাইয়ের গণঅভ্যুত্থানে হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি দেখা গেছে। মিছিলটি ফতেয়াবাদ এলাকা থেকে শুরু হয়ে হাটহাজারী হয়ে চট্টগ্রাম শহরের দিকে কিছুটা এগিয়ে গিয়ে দ্রুত শেষ হয়ে যায়। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, এই মিছিলের নেতৃত্বে ছিলেন রাউজান উপজেলা ছাত্রলীগের নেতা সজিব উদ্দীন।

তবে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, এ ধরনের কোনো মিছিলের তথ্য পুলিশের কাছে নেই। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ডিআর