কেনিয়ায় ভারতীয় টাটা কেমিক্যালসের কার্যক্রম বন্ধের নির্দেশ, জানা গেল কারণ
ভারতের শীর্ষস্থানীয় বহুজাতিক ব্যবসা প্রতিষ্ঠান ‘টাটা কেমিক্যালস’কে কেনিয়ায় সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। দীর্ঘ ১০০ বছর ধরে কার্যক্রম চালালেও এই প্রতিষ্ঠানটি কেনিয়ার অর্থনীতি কিংবা স্থানীয় জনগণের কোনো উপকারে আসেনি উল্লেখ করে তিনি এই কঠোর সিদ্ধান্ত নেওয়ার কথা জানান।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) কেনিয়ার দক্ষিণাঞ্চলীয় কাজিয়াদো অঞ্চল সফরকালে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট রুটো এই ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দেন, টাটা কেমিক্যালসের বিকল্প হিসেবে ব্যবসা পরিচালনা করতে কেনিয়া সরকার দুটি নতুন প্রতিষ্ঠানকে নিয়ে আসবে।
ভাষণে ক্ষোভ প্রকাশ করে প্রেসিডেন্ট উইলিয়াম রুটো বলেন, “ওই টাটা কোম্পানির সঙ্গে ১০০ বছরের একটি চুক্তি ছিল। কিন্তু এত দীর্ঘ সময়েও কাজিয়াদোতে তারা তেমন কিছুই তৈরি করেনি, স্থানীয়দের জন্য কোনো উল্লেখযোগ্য কারখানাও গড়ে তোলেনি।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দুটি নতুন কোম্পানিকে এখানে নিয়ে আসব। এর মধ্যে একটি কোম্পানি এখানে কাজিয়াদোতে একটি বড় কাচ তৈরির কারখানা স্থাপন করবে এবং অন্য কোম্পানিটি রাসায়নিক উৎপাদন করবে। আমরা কি অন্য কোনো দেশ বা প্রতিষ্ঠানের দাস হয়ে থাকব?”
এর আগে গত জুলাইয়ের শেষ দিকে টাটা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছিল, কেনিয়া সরকারের নির্দেশে তাদের অঙ্গপ্রতিষ্ঠান ‘টাটা কেমিক্যালস লিমিটেড’-কে মাগাদি সোডা কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে এবং সোডা অ্যাশ রপ্তানিও পুরোপুরি বন্ধ রাখতে বলা হয়েছে।
প্রেসিডেন্ট রুটোর এই আকস্মিক নির্দেশ এবং কড়া সমালোচনার বিষয়ে টাটা কেমিক্যালসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
সূত্র: Reuters
এনএ




Comments