Image description

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত 'ল’ কলেজসমূহের এলএলবি ১ম ও শেষ বর্ষের পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত মহানগর ল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলএলবি ১ম ও শেষ বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত আইন কলেজগুলোতে ফরম পূরণের জন্য বর্তমানে যে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে, তা অনেক সাধারণ ও মধ্যবিত্ত শিক্ষার্থীর জন্য বহন করা কঠিন হয়ে পড়েছে। উচ্চহারের এই ফি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলছে।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষার সুযোগ সবার জন্য সহজলভ্য হওয়া প্রয়োজন। কিন্তু অতিরিক্ত ফরম পূরণ ফি অনেক শিক্ষার্থীর জন্য আর্থিক চাপ সৃষ্টি করছে। ফলে তাদের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

তারা জানান, ২০২৪ সালে ফরম পূরণের ফি ছিল ৩০০ টাকা। ২০২৫ সালে তা বাড়িয়ে ৭০০ টাকা করা হয়। আর ২০২৬ সালে এসে জাতীয় বিশ্ববিদ্যালয় ফরম পূরণের ফি নির্ধারণ করেছে ১ হাজার ২০০ টাকা। শিক্ষার্থীদের দাবি, অল্প সময়ের ব্যবধানে এভাবে ফি বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। এই ফি পরিশোধ করা অনেক শিক্ষার্থীর পক্ষেই অসম্ভব হয়ে পড়েছে।

এ অবস্থায় শিক্ষার্থীরা অবিলম্বে অতিরিক্ত ফরম পূরণ ফি যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার দাবি জানান। একই সঙ্গে সাধারণ ও মধ্যবিত্ত শিক্ষার্থীদের পড়ালেখা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন।

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর মহানগর ল কলেজের অধ্যক্ষের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন। 

এসএ