Image description

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোছা. কামরুন্নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, উপজেলা প্রকৌশলী মো. আসিফ উল্লাহসহ উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা ঘোষ। পরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশ নেন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান শিক্ষকরা। তারা নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসএ