Image description

নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় হারের পর এবার জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় (স্লো ওভার রেট) নিগার সুলতানা জ্যোতির দলকে এই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ‘বি’ গ্রুপের ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে এক ওভার পিছিয়ে থাকায় বাংলাদেশ দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, ন্যূনতম ওভার রেট পূরণে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের এই পরিমাণ অর্থ জরিমানা করা হয়।

ম্যাচ রেফারি জি. এস. লক্ষ্মী বাংলাদেশের বিরুদ্ধে এই শাস্তির আদেশ দেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এর আগে মাঠের দুই আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান স্লো ওভার রেটের এই অভিযোগ আনেন।

উল্লেখ্য, লঙ্কানদের কাছে হারের ফলে সেমিফাইনালে ওঠার প্রথম সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই টাইগ্রেসদের সামনে।

ডিআর