বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আয়োজনে জাতীয় ফুটবল দলের হোম এবং অ্যাওয়ে নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই জার্সি উন্মোচন করেন সাবেক জাতীয় অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে বর্তমানে ফুটবল অঙ্গনে পেশাদারত্বের যে নতুন ধারা শুরু হয়েছে, এই জার্সি উন্মোচন তারই অংশ।
অনুষ্ঠানে নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা যখন খেলতাম, তখন বাজার থেকে জার্সি কিনে এনে দিতেন কর্মকর্তারা। এত ব্র্যান্ডিং ও আনুষ্ঠানিকতা করে কখনো জার্সি পরা হয়নি। বাফুফের এই পেশাদার উদ্যোগের জন্য সভাপতিকে ধন্যবাদ জানাই।’
বাফুফের কিট পার্টনার ‘দৌড়’ এই নতুন জার্সিগুলো তৈরি করেছে। উন্নত মানের ফেব্রিক ব্যবহারের কারণে প্রতিটি জার্সির দাম নির্ধারণ করা হয়েছে ১৬০০ টাকা। তবে সাধারণ সমর্থকদের কথা মাথায় রেখে ৭০০-৮০০ টাকার মধ্যে ‘ফ্যান এডিশন’ আনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরী। বর্তমানে অনলাইনে জার্সি বিক্রি হলেও শীঘ্রই ইনফিনিটির শোরুমেও বাংলাদেশের জার্সি পাওয়া যাবে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল অনলাইনে বিক্রির পাশাপাশি অফলাইনে দৌড়ের নিজস্ব শোরুম চালুর তাগিদ দেন।
বাফুফের সঙ্গে দৌড়ের দুই বছরের চুক্তির ইতোমধ্যে দেড় বছর অতিক্রান্ত হয়েছে। মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম জানান, দৌড়ের সাথে রয়্যালটি ভিত্তিক চুক্তি হওয়ায় জার্সি বিক্রির লভ্যাংশ প্রতি মাসেই বাফুফে পাচ্ছে। এছাড়া জাতীয় দলের জার্সি ক্রয়ের বড় একটি খরচও বেঁচে যাচ্ছে। দৌড় কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক বছরে তারা প্রায় ২০ হাজার জার্সি বিক্রি করেছে এবং চুক্তির বাইরেও কয়েক হাজার জার্সি বাফুফেকে সরবরাহ করেছে।
জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম (কমলাপুর) এবং সিলেট জেলা স্টেডিয়াম নিয়ে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। বাফুফে সভাপতি জানান, স্টেডিয়ামগুলোর মালিকানা জাতীয় ক্রীড়া পরিষদের থাকলেও বাফুফে এর নিরাপত্তা ও ব্যবস্থাপনা তদারকি করবে। তবে বাফুফের সাথে সমন্বয় করে অন্য ফেডারেশনগুলোও এখানে খেলা আয়োজন করতে পারবে। বাফুফের পক্ষে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন।
ডিআর




Comments