Image description

ইউরোপের শেনজেন ভিসার মতো একটি ভিসায় মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ ভ্রমণের সুযোগ চালু হতে যাচ্ছে। ‘জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা’ চালু হলে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কাতার, ওমান ও কুয়েত ভ্রমণ করতে পারবেন পর্যটকরা।

গালফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব জাসেম মোহামেদ আলবুদাইউই ৬ সেপ্টেম্বর রিয়াদে এক সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, নতুন এই ভিসা ব্যবস্থা চালু হলে বিদেশি পর্যটকদের জন্য উপসাগরীয় অঞ্চলে ভ্রমণ আরও সহজ হবে।

তবে ভিসার ফি, মেয়াদ ও চালুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অন্যান্য বিভাগ ভিসাটি দ্রুত চালুর জন্য কাজ করছে।

২০২৩ সালের অক্টোবরে ছয় দেশের পর্যটন মন্ত্রীরা এই ভিসা চালুর প্রস্তাবে সম্মতি দেন। পরের মাসে স্বরাষ্ট্রমন্ত্রীরাও এতে অনুমোদন দেন।

নতুন ভিসা ব্যবস্থা চালু হলে মধ্যপ্রাচ্যকে একটি সমন্বিত পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার পাশাপাশি পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এসএস