বিএনপি সরকারের সমালোচনা করে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে হট্টগোল হয়েছে। বুধবার ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিলের আলোচনায় এ ঘটনা ঘটে।
বক্তব্যে রুমিন ফারহানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট এবং দুর্নীতির মতো সমস্যা থাকবে না—এমনটা মনে করার কারণ নেই। তার এ বক্তব্যের প্রতিবাদে বিএনপির সংসদ সদস্যরা হইচই শুরু করেন।
হট্টগোলের মধ্যেই রুমিন বিএনপির সংসদ সদস্যদের অসহিষ্ণু আচরণের সমালোচনা করেন। একপর্যায়ে তার বক্তব্যের সময় সরকারি দলের কয়েকজন সদস্য অশালীন শব্দ ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদ প্রতিবাদ জানিয়ে বলেন, একজন সংসদ সদস্যকে এভাবে গালি দেওয়া যায় না। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও রুমিনের বক্তব্য দেওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানান।
পরে ডেপুটি স্পিকার বলেন, অসংসদীয় বক্তব্য থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে। তবে কোনো সদস্যকে বক্তব্য দিতে বাধা দেওয়া ঠিক নয়।
এসএস




Comments