Image description

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ংয়ের বার্ষিক বেতন ৬৪ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন বেতন কাঠামো কার্যকর হলে তিনি বছরে প্রায় ২৮ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ কোটি ৪০ লাখ টাকা পাবেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। বর্তমানে লরেন্স ওয়ং বছরে প্রায় ১৭ লাখ মার্কিন ডলার বেতন পান।

নতুন কাঠামো অনুযায়ী, প্রধানমন্ত্রীর বার্ষিক বেতন প্যাকেজ ২২ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার থেকে বেড়ে ৩৬ লাখ সিঙ্গাপুরিয়ান ডলার হবে। অন্য মন্ত্রীদের বেতন সর্বোচ্চ ৯ শতাংশ পর্যন্ত বাড়বে।

বেতন বাড়ানোর কারণ হিসেবে প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং বলেন, সরকারি চাকরিতে দক্ষ ও মেধাবী ব্যক্তিদের আকৃষ্ট করতেই এই বেতন সমন্বয় করা হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে সরকারি কর্মকর্তা ও বেসরকারি খাতের শীর্ষ কর্মকর্তাদের বেতনের ব্যবধান বেড়েছে।

তিনি জানান, বেতন বাড়ানোর ফলে আগামী পাঁচ বছরে যে অতিরিক্ত অর্থ তিনি পাবেন, তা দাতব্য কাজে দান করবেন।

সিঙ্গাপুরে মন্ত্রীদের বেতন বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া রাজনীতিবিদদের মধ্যে অন্যতম। নতুন বেতন কার্যকর হওয়ার আগেও লরেন্স ওয়ংয়ের বেতন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বেতনের চার গুণের বেশি ছিল।

তবে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে দেশটিতে সমালোচনাও শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এর বিরোধিতা করছেন। সমালোচকদের মতে, জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে রাজনীতিবিদদের বেতন এতটা বাড়ানো সাধারণ মানুষের কাছে সহজে গ্রহণযোগ্য নাও হতে পারে।

সিঙ্গাপুরের রাজনৈতিক বিশ্লেষক ইউজিন তান বলেন, বর্তমান সময়ে বেতন বাড়ানোর সিদ্ধান্ত অনেকের কাছে রাজনীতিবিদদের সাধারণ মানুষের জীবন থেকে দূরে সরে যাওয়ার উদাহরণ হিসেবে মনে হতে পারে।

সিঙ্গাপুরে মন্ত্রীদের বেতন নির্ধারণে একটি স্বাধীন কমিটি কাজ করেছে। কমিটি দেশটির শীর্ষ এক হাজার বেশি আয় করা ব্যক্তির আয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামোর সুপারিশ করেছে।

তবে এই পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী জা ইয়ান চং। তাঁর মতে, দেশের অল্পসংখ্যক উচ্চ আয়ের মানুষের সঙ্গে রাজনীতিবিদদের বেতনকে যুক্ত করার বিষয়টি স্পষ্ট নয়।