Image description

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকার চাকলাপুঞ্জিতে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব (৫০) নামে মাধবপুরের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের চাকলাপুঞ্জি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মনতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে দুলাল দেব মনতলা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে চুনারুঘাট উপজেলার মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে চাকলাপুঞ্জি এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুলাল দেবের মৃত্যু হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে চালকের অসাবধানতা অথবা অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএ