বিশ্বমঞ্চে শাকিলের নতুন রোমাঞ্চ
ইউরোপের সর্বোচ্চ চূড়ায় লাল-সবুজের স্বপ্ন
হিমালয়ের চূড়া ছোঁয়ার অনন্য কীর্তির পর এবার ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ ‘মাউন্ট এলব্রুস’ জয়ের নতুন মিশনে নামছেন বাংলাদেশের পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। ইউরেশিয়ার সর্বোচ্চ এই পর্বতচূড়ায় বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ানোর স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।
শাকিলের এই দুঃসাহসিক অভিযাত্রাকে কেন্দ্র করে শুরু হয়েছে ‘বাংলাদেশ-রাশিয়া যৌথশীর্ষ অভিযান’। অভিযান শুরুর আগে তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা তুলে দিতে এবং আন্তর্জাতিক এই অভিযানের শুভসূচনা জানাতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ধানমন্ডির রাশিয়ান হাউজে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন ও পতাকা প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে ইকরামুল হাসান শাকিল আগামী ১৯ সেপ্টেম্বর রাশিয়া যাত্রা এবং ১৫ দিনব্যাপী ‘মাউন্ট এলব্রুস’ অভিযানের পরিকল্পনা গণমাধ্যমের সামনে তুলে ধরেন। ৫ হাজার ৬৪২ মিটার (১৮ হাজার ৫১০ ফুট) উচ্চতার এই সুপ্ত আগ্নেয়গিরি ও ককেশাস পর্বতমালার শীর্ষচূড়া জয় করা অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও, দেশবাসীর ভালোবাসাকে সঙ্গী করে এই জয় অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন শাকিল।
বর্ণাঢ্য এই আয়োজনে শাকিলকে শুভকামনা জানাতে উপস্থিত ছিলেন রাশিয়ান হাউজের ডিরেক্টর মিস অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ে, টার্কিশ এয়ারলাইনসের কান্ট্রি ম্যানেজার ইসলাম গোরে, দ্য ডেইলি স্টারের চিফ বিজনেস অফিসার তাজদীন হাসান, কিডলন বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর অন্তু করিম এবং আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিমান্ত দিপু। অনুষ্ঠানটি পরিচালনা করেন এভারেস্ট বিজয়ী নুরুন্নাহার নিন্মি।
ডিআর




Comments