ইয়েমেনের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মানদেব প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করেছে দেশটির ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।
ইয়েমেনের স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার প্রণালির মাঝখানে অবস্থিত ময়উন বা পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ নেয় হুতি যোদ্ধারা। এর মাধ্যমে বাব আল-মানদেব এলাকায় তাদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক সরকারি কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ময়উন দ্বীপ থেকে সরকারি বাহিনী সরে যাওয়ার পর হুতি যোদ্ধাদের বহনকারী কয়েকটি নৌকা সেখানে পৌঁছায়। পরে তারা দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়।
এক প্রত্যক্ষদর্শী জানান, হুতি যোদ্ধারা বাব আল-মানদেব উপকূলজুড়ে অবস্থান নিয়েছেন। সামরিক যান নিয়ে তাদের ওই এলাকায় টহল দিতেও দেখা গেছে।
গত সপ্তাহে ইয়েমেনি সরকারি বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করে হুতিরা। এ সময় কয়েক শ মানুষ নিহত এবং হাজারো পরিবার বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও দখলে নেয় হুতি বাহিনী।
এদিকে হুতিদের নিয়ন্ত্রণে থাকা মোখা বিমানবন্দরে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত আল-মাসিরা টিভি। শুক্রবার বিমানবন্দরটিতে দুই দফা হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।
বাব আল-মানদেব প্রণালি লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ। হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বৈশ্বিক বাণিজ্যের জন্য বাব আল-মানদেবের গুরুত্ব আরও বেড়েছে। হুতিদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এসএস




Comments