দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের উৎপাদনে যাওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ একটি ভাল্বে ত্রুটি ধরা পড়ায় পরবর্তী ধাপের কাজ আটকে আছে। ত্রুটি ঠিক করতে রাশিয়া থেকে নতুন ভাল্ব তৈরি করে আনতে হবে বলে প্রকল্প-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রথম ইউনিটের পরীক্ষার সময় তাপমাত্রা বাড়লে ভাল্বটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে পরবর্তী পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। নতুন ভাল্ব তৈরি করে এনে স্থাপন করতে সময় লাগায় বিদ্যুৎ উৎপাদন শুরুর সময় আরও পিছিয়ে যেতে পারে।
সূত্র জানায়, রাশিয়ার পক্ষ থেকে দ্বিতীয় ইউনিটের জন্য রাখা ভাল্ব খুলে প্রথম ইউনিটে বসানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বাংলাদেশ এতে রাজি হয়নি। একটি ইউনিটের ভাল্ব খুলে অন্য ইউনিটে স্থাপন করা যথাযথ প্রক্রিয়া নয় বিবেচনায় নতুন ভাল্ব আনার সিদ্ধান্ত হয়েছে।
রূপপুরের প্রথম ইউনিটের পরীক্ষা শেষ না হওয়ায় দ্বিতীয় ইউনিটের পরীক্ষাও শুরু করা যাচ্ছে না। প্রকল্প-সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম ইউনিট চালু হওয়ার পর দ্বিতীয় ইউনিটের পরীক্ষার কাজ শুরু হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বলেন, বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষার সময় বিভিন্ন ধরনের কারিগরি সমস্যা দেখা দিতে পারে। ভাল্বের সমস্যাটি নিয়েও প্রায় দুই মাস ধরে কাজ চলছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রটি কবে উৎপাদনে যাবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।
এদিকে প্রকল্প-সংশ্লিষ্টদের মতে, নভেম্বরের মধ্যে উৎপাদনে যাওয়ার সম্ভাবনা থাকলেও বর্তমান ত্রুটি দ্রুত সমাধান করতে হবে। এরপর ধারাবাহিকভাবে আরও কয়েকটি পরীক্ষা সফলভাবে শেষ করতে হবে।
রূপপুরে দুটি ইউনিটে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা অন্তত ৩০ শতাংশে নিতে হবে। এজন্য জ্বালানি লোডিং, ফিজিক্যাল স্টার্টআপসহ বিভিন্ন ধাপের পরীক্ষা সফলভাবে শেষ করতে হবে।
ভাল্বের সমস্যা ছাড়াও রূপপুরের বিদ্যুতের দাম নির্ধারণ এবং ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে কিছু সিদ্ধান্ত এখনও বাকি রয়েছে। বিদ্যুতের দাম নির্ধারণে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য চেয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
এসএস
গত ৩ সেপ্টেম্বর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুরের প্রথম ইউনিটের দুটি সেফটি ভাল্বে ত্রুটি ধরা পড়ায় পরবর্তী ধাপের পরীক্ষা শুরু করা যাচ্ছে না। ত্রুটির কারণ জানতে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসার কথা রয়েছে। প্রয়োজনে ভাল্ব দুটি পুরোপুরি পরিবর্তন করতে হতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট কেন্দ্রটির দুটি ইউনিট নির্মাণ করছে।




Comments