ঝিনাইদহ শহরের বাইপাসের ভুটিয়ারগাতী এলাকায় বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম সরদার নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম সরদার শহরের ভুটিয়ারগাতী গ্রামের আবুল সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, সিরাজুল ইসলাম রাজমিস্ত্রির শ্রমিকের কাজে যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন। পথে শহরের বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে সাইকেল আরোহীর মৃত্যুর খবর পাওয়ার পর মোটরসাইকেল চালক হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে।
ডিআর




Comments