মিশরীয় তরুণ ফরোয়ার্ড হামজা আব্দেলকরিমের ভবিষ্যৎ নিশ্চিত করেছে বার্সেলোনা। ১৯ বছর বয়সী এই সম্ভাবনাময় স্ট্রাইকারের সঙ্গে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত নতুন চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি।
আগামী ১৫ সেপ্টেম্বর বার্সেলোনার কার্যালয়ে সভাপতি হোয়ান লাপোর্তার উপস্থিতিতে নতুন চুক্তিতে আনুষ্ঠানিক স্বাক্ষর করবেন হামজা। চুক্তি স্বাক্ষর শেষে ক্লাবের বাণিজ্যিক দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তাঁর।
মিশরের ঘরোয়া ফুটবলে শৈশব থেকেই গোলবন্যা ভাসিয়ে নজর কেড়েছিলেন হামজা, যা তাঁকে ফুটবল অঙ্গনে ‘মিশরের হালান্ড’ খেতাব এনে দেয়। পরবর্তীতে বার্সেলোনা যুব দলে যোগ দিয়েই নিজের জাত চেনান তিনি। মন্টেকার্লোর বিপক্ষে ৯-০ ব্যবধানে জয়ের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে অনূর্ধ্ব-১৯ দলকে ‘ডিভিশন দনা’র শিরোপা জেতাতে মূল ভূমিকা রাখেন।
যুব দলে দারুণ পারফরম্যান্সের ধারাবাহিকতায় ২০২৬ সালের গ্রীষ্মে তাঁর সঙ্গে স্থায়ী চুক্তি করে ক্লাবের মূল দল। এরপর সিনিয়র দলের কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক ম্যাচে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা হন এবং মূল দলে জায়গা নিশ্চিত করেন।
গত ৩১ আগস্ট স্পোটিফাই ক্যাম্প নউয়ে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ম্যাচে বার্সেলোনার মূল দলে অভিষেক ঘটে এই মিশরীয় তরুণ তুর্কির। একাডেমি থেকে মূল দলে দ্রুততম সময়ে উঠে আসার অসামান্য সাফল্যকে এবার দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে পুরস্কৃত করল বার্সেলোনা।
ডিআর




Comments