Image description

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

আটকরা হলেন পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম ও একই এলাকার মুনষা নারায়ণের ছেলে শ্রী উদা রায়।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ ভবানীপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) আওতাধীন সীমান্ত পিলার ৩৩৩/এমপি থেকে দেড় কিলোমিটার ভারতের অভ্যন্তরে ৬৩/চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালালে আসাদুল গুরুতর আহত হন। পরে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার একদিন পেরিয়ে গেলেও নিহত আসাদুলের লাশ ফেরত দেয়নি বিএসএফ। লাশ হস্তান্তরের বিষয়ে রবিবার বেলা ১২টার দিকে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

নিহত আসাদুলের পরিবার জানায়, লাশ ফেরত পেতে তারা বিজিবির সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের সিইও আব্দুল্লাহ আল মঈন ও স্থানীয় চান্দেরহাট বিওপির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ডিআর