আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার
হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত অসুস্থ বীর মুক্তিযোদ্ধা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই দিন বিকেলেই তাঁকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আব্দুর রইচ সেরনিয়াবাত বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য এবং আগৈলঝাড়া উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন পুতুল অভিযোগ করেন, বিকেল তিনটার দিকে আগৈলঝাড়া থানার ওসি বাড়িতে এসে কথা বলার জন্য তাঁর অসুস্থ স্বামীকে ডেকে নিয়ে যান। পরবর্তীতে কোনো আগাম পরোয়ানা বা পুরোনো মামলা ছাড়াই তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন মারাত্মক ব্যাধিতে ভুগছেন এবং চিকিৎসাধীন রয়েছেন। কোনো মামলা না থাকা সত্ত্বেও কেবল রাজনৈতিক পরিচয়ের কারণে পুলিশ তাঁকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে বিকেলে একটি সাজানো মামলায় নাম জড়িয়ে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
ডিআর




Comments