Image description

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনেস আলীকে ক্লোজড করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টায় তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন।

জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ৩টায় ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগসংক্রান্ত একটি ভিডিও ক্লিপসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তার বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। সংবাদের মাত্র ২ ঘণ্টার মধ্যেই তাকে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পুলিশের এমন দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি অভিযোগটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

উল্লেখ্য, প্রায় এক বছর আগে সান্তাহার পুলিশ ফাঁড়িতে এএসআই হিসেবে যোগদান করেন আনেস আলী। যোগদানের পর থেকেই তার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ডসহ একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এর আগে সান্তাহার নতুন বাজার এলাকায় এক নারীর বাসায় অবাধ যাতায়াতের সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করলেও পরবর্তীতে তা ধামাচাপা দেওয়া হয়। সম্প্রতি এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা তৈরি হয়। এমনকি বিষয়টি গোপন রাখতে তিনি স্থানীয় কয়েকজনকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে অনৈতিক সুবিধার বিনিময়ে মাদক কারবারিদের প্রশ্রয় দেওয়া এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তার না করে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। এসব কারণে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর প্রভাব পড়ছিল। পরবর্তীতে পুলিশের ভাবমূর্তি রক্ষায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

ডিআর