Image description

পিরোজপুরের মঠবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রী একই সাথে বিষপান করেছেন। এতে স্ত্রী নুরুন্নাহার বেগমের মৃত্যু হলেও আশঙ্কাজনক অবস্থায় স্বামী রফিকুল ইসলামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড় মাছুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর পূর্বে দক্ষিণ বড় মাছুয়া গ্রামের আব্দুল হকের মেয়ে নুরুন্নাহারের সাথে একই গ্রামের রফিকুল ইসলামের বিয়ে হয়। এটি ছিল উভয়েরই দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত এবং প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি ও মারামারির ঘটনা ঘটত। তবে দাম্পত্য জীবনে তাদের দুটি পুত্রসন্তান জন্ম নেওয়ায় উভয় পরিবার ও স্থানীয় লোকজন বিভিন্ন সময় তাদের মধ্যকার বিরোধ মীমাংসা করে দিতেন।

নিহত নুরুন্নাহারের বোন লাভলী আক্তার জানান, গত দুই দিন আগে তাদের মধ্যে পুনরায় ঝগড়াঝাঁটি হয়। পরবর্তীতে রফিকুল ইসলামের ভাইয়েরা তাকে চড়-থাপ্পড় মেরে বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করে দিয়েছিলেন। কিন্তু সোমবার দুপুরে আবার বিষপানের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় নুরুন্নাহার মারা যান। রফিকুল ইসলামের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নুরুন্নাহারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে লাশ পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডিআর