Image description

বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে চান না জানিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, "আমরা এমন একটি ব্যবস্থা করতে চাই, যেখানে বিদ্যুতের জন্য অন্য কোনো দেশের ওপর নির্ভরশীল হতে হবে না। তারা বিদ্যুৎ দিলে আমরা বিদ্যুৎ পাব, আর না দিলে বন্ধ হয়ে যাবে—এমন পরিস্থিতি চাই না। দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট চলছে, এর ফলে জনগণের কষ্ট হচ্ছে তা আমরা বুঝি। তবে এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা যেন নিজেরাই নিজেদের বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই লক্ষ্যে সরকার কাজ করছে।"

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা এবং স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থায় সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একটি বিশেষ গোষ্ঠীর সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, "দেশে একটি মহল সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। ফ্যাসিবাদের নিয়োগ দেওয়া ডিলাররা পালিয়ে গেছে, তারা সঠিকভাবে সার উত্তোলন ও বিক্রি করছে না বলেই এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিকে এমন এক জায়গায় ঠেলে দেওয়া হয়েছে, সেখান থেকে টেনে তুলতে আমাদের বেগ পেতে হচ্ছে। এরপরও আমরা প্রতিশ্রুতি রক্ষায় কাজ করে যাচ্ছি। আমরা কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছি এবং কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে।"

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবদুল আজিজ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য ও পিপি অ্যাডভোকেট আবদুল কাদের মিয়া, থানার ওসি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুস সালাম মোল্লা, সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবুর সহধর্মিণী মহুয়া নূর কচি এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম।

ডিআর