Image description

ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার সন্ধ্যায় ‘ভারত মণ্ডপমে’ আয়োজিত এ নৈশভোজের পুরো মেনুই ছিল নিরামিষ।

নৈশভোজের শুরুতে অতিথিদের পরিবেশন করা হয় খান্ডভি মিলেফয় ও খুম্ব গালৌটি কাবাব। এরপর ছিল পনির লাবাবদার, গুচ্চি মারমিক, ক্যারট বিন পোরিয়াল, থাক্কালি বেলে সারু ও মিলেট পোলাও।

পনির লাবাবদার তৈরি করা হয় টমেটো ও ছোট পেঁয়াজের ঘন ঝোলে পনির দিয়ে। গুচ্চি মারমিকে ব্যবহার করা হয় হিমালয়ের বিশেষ গুচ্চি মাশরুম, জাফরান, কিশমিশ ও কাঠবাদাম।

এ ছাড়া ছিল গাজর ও বিভিন্ন বীজের তৈরি ক্যারট বিন পোরিয়াল, টমেটো-ডাল দিয়ে তৈরি দক্ষিণ ভারতীয় পদ থাক্কালি বেলে সারু এবং বাজরা ও সুগন্ধি বাসমতী চালের মিলেট পোলাও। সঙ্গে ছিল বিটরুটের রায়তা ও বিভিন্ন ধরনের ভারতীয় রুটি।

নৈশভোজের শেষপর্বে অতিথিদের জন্য রাখা হয় পুরোনো দিল্লির ঐতিহ্যবাহী ফ্রুটক্রিম ও জিলাপি। সঙ্গে ছিল শাহুতুত ফিরনি, যা দুধ, চাল, মিষ্টি মালবেরি ও খাবার উপযোগী সোনার পাত দিয়ে তৈরি করা হয়।

খাবারের পাশাপাশি নৈশভোজে ছিল বিশেষ সাংস্কৃতিক আয়োজন। এতে ১৬০ জন শিল্পী অংশ নেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য ও সংগীতের পাশাপাশি ভরতনাট্যম, কুচিপুড়ি, ওডিশি ও কত্থক পরিবেশন করা হয়।

তবে নৈশভোজে আমন্ত্রিত বিশ্বনেতাদের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন না।

এসএস