Image description

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আগুনের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয় বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

হুমায়ুন কবির বলেন, পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবরটি অসত্য। জরুরি বিভাগে থাকা দুজনের মরদেহ স্বাভাবিক রোগীর মৃত্যু হিসেবে পাওয়া গেছে। এ ছাড়া আরও দুজনের মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুনের ঘটনায় পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে এ নিয়ে ধূম্রজাল তৈরি হয়।

সোমবার বিকাল পৌনে ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফটে আগুন লাগে। এতে লিফটের বিভিন্ন অংশ পুড়ে যায়। আগুনের খবর ছড়িয়ে পড়লে ভবনে থাকা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে তাড়াহুড়া করে নিচে নেমে আসেন। এ সময় অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ময়মনসিংহ সদর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তাকর্মীরা রোগী, শিশু ও নারীদের নিরাপদে সরিয়ে নিতে সহযোগিতা করেন।

এসএস