এক ট্রাকের ধাক্কায় সাত ট্রাক চূর্ণ, টঙ্গীতে প্রেসক্লাব ভবনে ট্রাক
অল্পের জন্য প্রাণে বাঁচলেন কর্মচারী
গাজীপুরের টঙ্গীতে বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় পরপর সাতটি ট্রাক দুমড়ে-মুচড়ে গেছে। সংঘর্ষের একপর্যায়ে ট্রাকটি ফুটপাতের ওপর উঠে টঙ্গী প্রেসক্লাব ভবনে আছড়ে পড়ে। এতে ভবনের জানালার থাই গ্লাস ভেঙে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। এ সময় প্রেসক্লাবের ভেতরে ঘুমিয়ে থাকা এক কর্মচারী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনায় পার্কিং করে রাখা একটি ট্রাকের চালক আহত হয়েছেন বলেও জানা গেছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মঙ্গলবার সকালেও প্রেসক্লাবের সামনে চারটি ক্ষতিগ্রস্ত ট্রাক পড়ে থাকতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত অন্য ট্রাকগুলো পুলিশ রাতেই রেকার দিয়ে পাশের চেরাগ আলী ট্রাক টার্মিনালে সরিয়ে নেয়।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে গাজীপুরমুখী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৪২০৩) প্রথমে প্রেসক্লাবের সামনে পার্কিং করে রাখা একটি ট্রাকে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকটি সামনে থাকা আরও ছয়টি ট্রাককে একে একে ধাক্কা দিলে মোট সাতটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি ট্রাকের সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
চেরাগ আলী কাঠ মার্কেটের নৈশপ্রহরী নূরা মিয়া বলেন, গভীর রাতে বিকট শব্দ শুনে তিনি ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে দেখেন, একটি ট্রাক ফুটপাতের ওপর উঠে প্রেসক্লাব ভবনে আছড়ে পড়েছে। ধাক্কায় ভবনের জানালার থাই গ্লাস ভেঙে টুকরো হয়ে ভেতরে-বাইরে ছড়িয়ে পড়ে।
টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বলেন, দুর্ঘটনার সময় ক্লাবের ভেতরে এক কর্মচারী ঘুমিয়ে ছিলেন। ট্রাকটি ভবনের গায়ে আছড়ে পড়লেও সৌভাগ্যক্রমে তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। দুর্ঘটনায় প্রেসক্লাবের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গাজীপুর জেলা ট্রাক ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী আব্দুর রশিদ ও সাধারণ সম্পাদক হাজী মো. সামসুল হক রানা বলেন, তারা অভিযুক্ত ট্রাকের মালিকের সঙ্গে যোগাযোগ করছেন এবং বিষয়টি দেখছেন। জেলা ট্রাক ও কভার্ডভ্যান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কার্যালয় প্রেসক্লাবের পাশের ট্রাক টার্মিনারে অবস্থিত।
এ ঘটনায় টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক টঙ্গী পশ্চিম থানায় অভিযোগ করেছেন। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এসএ




Comments