Image description

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক গোলাম রহমানকে প্রধান করে গঠিত কমিটির সদস্য সচিব করা হয়েছে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইন উদ্দিন খানকে। কমিটির সদস্যরা হলেন গণপূর্ত অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মাজেদুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসদ্দী।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যার পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নির্মাণাধীন লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে এক শিশুসহ ছয়জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

পরে রাতে ময়মনসিংহের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন এবং রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে অগ্নিকাণ্ডের পর চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও তাদের কেউ হুড়োহুড়ি বা পদদলিত হয়ে মারা গেছেন—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রশাসন।

তবে মৃত চারজনের মধ্যে দুজন স্বাভাবিকভাবে মারা গেছেন বলে তাদের পরিবার নিশ্চিত করেছে। অপর দুজনের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস.এম. হুমায়ুন কবির।

এসএ