ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি লাইনের (বৈদ্যুতিক তার) ওপর ভাসমান কাপড় পড়ে থাকার ঘটনায় নিরাপত্তাজনিত কারণে প্রায় ৪০ মিনিট মতিঝিল থেকে উত্তরা রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩৬ মিনিটের দিকে দুর্ঘটনা এড়াতে ও বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। তবে সাময়িক এই বিঘ্ন ঘটলেও সে সময় উত্তরা থেকে কারওয়ান বাজার স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল অব্যাহত ছিল।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইনেন্স) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, লাইনের তারে কাপড় আটকে থাকার বিষয়টি নজরে আসার পরপরই দ্রুত তা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। কাপড়টি সরিয়ে নেওয়ার পর মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল বিষয়গুলো নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সকল নিরাপত্তা নিশ্চিত করার পর বিকেল ৫টা ১৫ মিনিটে উভয় রুটে পুনরায় স্বাভাবিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়।
ডিআর




Comments