শাজাহানপুরে অবৈধ পশুখাদ্য কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বগুড়ার শাজাহানপুরে লাইসেন্স ছাড়াই পশুখাদ্য উৎপাদনের অভিযোগে ‘নিউ সান ফার্মা’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামরুজ্জামান খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা অবৈধ পশুখাদ্য পরে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গন্ডগ্রাম এলাকায় বিএডিসি অফিসসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফিরোজ আহমেদ খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই ‘নিউ সান ফার্মা’য় পশুখাদ্য উৎপাদন করা হচ্ছিল। অভিযানকালে বিষয়টি ধরা পড়লে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ অনুযায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামরুজ্জামান খানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করে ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানে থাকা অবৈধ পশুখাদ্য জব্দ করা হয়। পরে জব্দ করা এসব পশুখাদ্য ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, "লাইসেন্স ছাড়া পশুখাদ্য উৎপাদন আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।"
ডিআর




Comments