Image description

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের প্রথম ধাপের ফলাফল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। গত ১৪ সেপ্টেম্বর আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে শিক্ষার্থীদের আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিপূর্বে সম্পন্ন হয়েছে। অনলাইনে আবেদন করা শিক্ষার্থীরা আজ নির্ধারিত সময়ে ভর্তির কাঙ্ক্ষিত ফলাফল দেখতে পারবেন। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ম অনুযায়ী ভর্তি-সংক্রান্ত পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২৪ আগস্ট ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড একাদশ শ্রেণিতে ভর্তির বিস্তারিত নীতিমালা প্রকাশ করে। নীতিমালায় সাধারণ শিক্ষার্থীদের আবেদন গ্রহণের সময়সীমা ১০ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে এ সময় বাড়ানো হয়। ফলে প্রথম দফায় আবেদন করতে না পারা শিক্ষার্থী এবং পুনঃনিরীক্ষণে (খাতা চ্যালেঞ্জ) ফল পরিবর্তিত হওয়া শিক্ষার্থীরা পুনরায় আবেদন করার সুযোগ পান।

নীতিমালা অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ধরনের লিখিত বা মৌখিক ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেবল শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের (জিপিএ) ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ৭ শতাংশ আসন কোটা হিসেবে সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে ৫ শতাংশ আসন মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ আসন শিক্ষা মন্ত্রণালয় ও এর অধীনস্থ দপ্তর-সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।

মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে এবং ভর্তির সময় মূল সনদ প্রদর্শন করতে হবে। তবে উপযুক্ত যোগ্য প্রার্থী পাওয়া না গেলে কোটার আসন খালি না রেখে সাধারণ মেধা তালিকা থেকে তা পূরণ করা হবে। এই কোটা পদ্ধতি কেবল ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্যই কার্যকর হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

আজ রাত ৮টায় ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে। এরপর আগামী ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় পছন্দক্রম অনুযায়ী প্রথম ধাপের মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে।

চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে দেশের সব কলেজে একাদশ শ্রেণির নতুন ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

ডিআর