Image description

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানকালে ঘটনার ব্যবহৃত মোটরসাইকেল, ছিনতাইকৃত মালামাল এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর একটি এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ওই দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

এর আগে, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের সড়কে ভয়াবহ এই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া থেকে বাসযোগে ঢাকায় পৌঁছে ফার্মগেটের একটি হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে একটি রিকশায় ওঠেন। সংসদ ভবন এলাকা অতিক্রমকালে একটি মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনার পর দিন ৩০ আগস্ট নিহত শিক্ষিকা রনজিনা পারভীনের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা ও ছিনতাই মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তভার গ্রহণ করে ছায়াতদন্ত শুরু করে ডিবি পুলিশ, যার ধারাবাহিকতায় অভিযুক্তদের গ্রেপ্তার করা সম্ভব হলো।

ডিআর