Image description

কুড়িগ্রামের চিলমারীতে উৎসবমুখর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক 'মানবকণ্ঠ' পত্রিকার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা গেট সংলগ্ন 'প্রেসক্লাব, চিলমারী' কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক মানবকণ্ঠের চিলমারী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল বারী সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. নুর আলম মুকুল এবং রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল করিম।

সাংবাদিক নেতাদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেসক্লাব চিলমারীর সভাপতি মো. মনিরুল আলম লিটু, প্রতিষ্ঠাতা সভাপতি মো. গোলাম মাহবুব, চিলমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম সাবু, সাপ্তাহিক ভাওয়াইয়া এক্সপ্রেস পত্রিকার প্রকাশক এরশাদুল করিম রাজু, দৈনিক মানবজমিনের চিলমারী প্রতিনিধি সোহেল সাওরাত, আনন্দ টেলিভিশনের চিলমারী প্রতিনিধি আলমগীর হোসাইন, কালবেলার প্রতিনিধি এস এম রাফি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি ফয়সাল হক রকি প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা দৈনিক মানবকণ্ঠের দীর্ঘ দেড় দশকের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসনীয় ভূমিকা তুলে ধরেন। বস্তুনিষ্ঠ ও গণমানুষের বার্তা বাহক হিসেবে পত্রিকাটির ধারাবাহিক পথচলার সার্বিক উন্নতি ও উত্তরোত্তর সফলতা কামনা করেন অতিথিরা।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কেটে দৈনিক মানবকণ্ঠের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ডিআর