বরগুনায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় আদালতকক্ষে বিচারককে অশালীন মন্তব্য এবং দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে বশির নামে এক আসামির বিরুদ্ধে। এ ঘটনায় আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর আমলি আদালতে একটি সিআর মামলার শুনানির সময় এ ঘটনা ঘটে। বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান এ সাজা দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম ফরাজি বলেন, বশির অস্থায়ী জামিনে ছিলেন। বুধবার তার জামিন আবেদন নামঞ্জুর করেন বিচারক। এতে ক্ষুব্ধ হয়ে তিনি এজলাসে উত্তেজিত আচরণ শুরু করেন এবং বিচারককে উদ্দেশ করে অশালীন মন্তব্য করেন।
এ সময় উপস্থিত আইনজীবীরা তাকে শান্ত করার চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। একপর্যায়ে বশিরকে হ্যান্ডকাফ পরাতে গেলে তিনি পুলিশ কনস্টেবল সিদ্দিকের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। বিচারকের উপস্থিতিতেই ওই পুলিশ সদস্যকে মারধর করা হয়।
পরে আদালত দণ্ডবিধির ১৮৬ ও ৩২৩ ধারায় নতুন মামলা আমলে নিয়ে তাৎক্ষণিক সাক্ষ্যগ্রহণ করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে বশিরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে সাজা পরোয়ানা অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়।
বরগুনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আদালতের প্রতি সবার আস্থা ও সম্মান থাকা উচিত। আদালতে আসামি বশিরের আচরণ কোনোভাবেই কাম্য নয়।
এসএস




Comments